গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সইয়ের দাবি নাহিদ ইসলামের
ভারতের সঙ্গে বৈরিতা বা শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থ সুরক্ষাই মূল বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা বাংলাদেশ গত ৫০ বছরেও পায়নি। তাই গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি শুধু নবায়ন নয়, নতুন করে স্বাক্ষর করতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা আমাদের প্রত্যাশা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের স্বার্থ সুরক্ষা হচ্ছে কি না। আমাদের সঙ্গে ভারতের অভিন্ন অনেকগুলো নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুসারেও এসব নদীর ন্যায্য হিস্যা বাংলাদেশ গত ৫০ বছরেও পায়নি।’
তিনি বলেন, ‘ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে গঙ্গার পানি নিজেরা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের জনগণকে শোষণ করার একটা হাতিয়ার হচ্ছে এই ফারাক্কা ব্যারাজ।’
গঙ্গা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘এ বছর ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবরার ফাহাদ যেটা চেয়েছিল, সেটা বাস্তবায়ন করার সময় এখন এসেছে। ভারত ৫ আগস্টের পর থেকে বলে আসছে, বাংলাদেশের সঙ্গে তারা ভালো সম্পর্ক চায়, বাংলাদেশকে তারা ভালো প্রতিবেশী হিসেবে দেখতে চায়। এটা প্রমাণ করতে হবে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তির মধ্য দিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আজকের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, এটা শুধু নবায়ন করলেই হবে না। এই পানি বণ্টন চুক্তি নতুন করে স্বাক্ষর করতে হবে।’
আবরার ফাহাদকে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আবরার ফাহাদ জাতীয় স্বার্থের পক্ষে, বাংলাদেশ যেন নদীর পানির ন্যায্য হিস্যা পায়, সেজন্য লেখালেখি করেছিলেন। আমরা যে দাস নই, এটা আবরার ফাহাদ দেখিয়েছিলেন।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ যে ভারতের এক্সটেনশন, আওয়ামী লীগ যে এখানে ভারতের কারণে ক্ষমতায় ছিল, এটা স্পষ্ট হয়েছিল আবরার হত্যার মধ্য দিয়ে। কারণ আবরার হাসিনা কিংবা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লেখেনি, লিখেছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়।’
আবরার ফাহাদ হত্যা মামলার রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নাহিদ ইসলাম।
স্মরণসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















