নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে জানানোর আহ্বান
নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত দামে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে কোথাও কোথাও সমন্বয় করা দামে এলপিজি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের নিয়ে অনলাইন সভা করে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে তদারকি করা হচ্ছে। এর আগে অনেককে জরিমানাও করা হয়েছে, এখন এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকার আশা করছে, এর মাধ্যমে এলপিজি নিয়ে বাজারের বর্তমান সংকট কমে আসবে।
নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা তো অত্যন্ত এসেনশিয়াল একটি পণ্য, এটা ছাড়া আসলে চলা যায় না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শুধু অভিযান চালিয়েই সমস্যার সমাধান হবে—সরকার এমনটা মনে করে না। দাম বেড়ে যাওয়ার পরিস্থিতিতে এলপিজি আমদানিকারক ও বোতলজাতকারীরা যেন ন্যায্যমূল্য পান, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এতে সরবরাহ ঘাটতি তৈরি হবে না এবং দাম স্থিতিশীল রাখার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, একই সঙ্গে যারা আইন মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ—সব মিলিয়ে সরকার সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
























