ফেসবুক পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপনে নতুন অনিশ্চয়তা
ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘পেইজ লাইক’ টার্গেট দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না।
এর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে ‘Maximize number of Facebook Page visits’ পারফরম্যান্স লক্ষ্য নির্বাচন করা হচ্ছে। অর্থাৎ সরাসরি পেজে লাইক নেওয়ার বদলে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের পেজে নিয়ে যাওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে এখন বলা হচ্ছে, ‘Page likes performance goal is no longer available’। একই সঙ্গে পেজের লাইক বা ফলোয়ার বাড়াতে ‘Maximize number of Facebook Page visits’ লক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হওয়ার কথা জানানো হচ্ছে।
তবে এই সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা নাকি কারিগরি ত্রুটি—তা স্পষ্ট নয়।
বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেইজ লাইক’ লক্ষ্য আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনো দেখা যাচ্ছে এবং কার্যকর রয়েছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।
আগে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় পেজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়ার সুযোগ ছিল। এখন অনেক অ্যাকাউন্টে সেই জায়গায় পেজে দর্শক আনার লক্ষ্য দেখানো হচ্ছে। নতুন পদ্ধতিতে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীরা প্রথমে পেজে প্রবেশ করবেন। পেজের বিষয়বস্তু পছন্দ হলে পরে তারা নিজেরাই সেটি অনুসরণ বা লাইক করতে পারবেন।
ইনস্টাগ্রামেও ব্যবহারকারীকে সরাসরি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার মতো লক্ষ্য ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে মেটার এ পরিবর্তন সব অ্যাকাউন্টে একযোগে কার্যকর হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
এ পরিবর্তন স্থায়ী হলে পেজের লাইক বা অনুসারী বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হবে। শুধু বিজ্ঞাপনের মাধ্যমে লাইক পাওয়ার পরিবর্তে মানসম্মত কনটেন্ট প্রকাশ এবং ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে।
ভালো সাড়া পাওয়া পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেজ অনুসরণের আমন্ত্রণ পাঠানো যেতে পারে। পাশাপাশি সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা বা সরাসরি বিক্রি বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন ব্যবহার করা সম্ভব।
মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত ফেসবুক পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আপাতত কিছু অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি সরিয়ে বা অকার্যকর করে পেজ ভিজিট বাড়ানোর নতুন লক্ষ্য দেখানো হচ্ছে।

























