মুক্তির আগেই ‘দৃশ্যম থ্রি’র অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড
মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে অজয় দেবগনের সিনেমা ‘দৃশ্যম থ্রি’। আগামীকাল সিনেমাটির মুক্তি সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি। এরই মধ্যে প্রথম দিনের জন্য প্রায় সাড়ে ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। অন্যান্য দিন মিলিয়ে এখন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি ছাড়িয়েছে ১১ লাখ।
অগ্রিম টিকিট বিক্রি থেকেই প্রথম দিনে সিনেমাটির আয় প্রায় ২০ কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত প্রথম দিনের জন্য প্রায় ৩ লাখ অগ্রিম টিকিট বিক্রির পূর্বাভাস থাকলেও সেই হিসাব ছাড়িয়ে গেছে ছবিটি।
অগ্রিম বুকিংয়ের এমন সাড়া সিনেমাটির উদ্বোধনী আয় নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে প্রায় ৫০ কোটি রুপি আয় করতে পারে ‘দৃশ্যম থ্রি’।
‘দৃশ্যম টু’র গল্পের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি। মুক্তির পর দর্শক-সমালোচকদের ইতিবাচক সাড়া মিললে সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন বক্স অফিস রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

















