৪৯তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের প্রজ্ঞাপন সোমবার
যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশন শেষে ৪৯তম বিসিএস (বিশেষ)-এর প্রথম পর্যায়ের প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীদের নিয়ে আগামী সোমবার নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান হয়েছিল একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। কারও রাজনৈতিক পরিচয় যা-ই হোক, বিসিএস বা অন্য কোনো পরীক্ষায় সেই কারণে বৈষম্য করা হবে না।
তিনি বলেন, ৪৯তম বিসিএস (বিশেষ)-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পরীক্ষায় পিএসসির চূড়ান্ত ফলাফলে ৬৬৮ জন উত্তীর্ণ হয়েছিলেন। সে হিসাবে প্রথম প্রজ্ঞাপনে ৫৭ জনের নাম নেই। তবে তাদের মধ্যে তিনজন সার্টিফিকেট জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে প্রকৃতপক্ষে যাচাই-বাছাইয়ের অপেক্ষায় থাকা প্রার্থীর সংখ্যা ৪৬ জন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিসিএসসহ এ ধরনের পরীক্ষায় ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা ও সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
চূড়ান্ত প্রজ্ঞাপনে নাম না থাকায় এক প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার হুমকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন একবারেই শেষ হয় না; কয়েক দফায় প্রজ্ঞাপন হতে পারে। ৪৯তম বিসিএসের চাকরিতে যোগদানের তারিখ ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তাই প্রার্থীদের ভেরিফিকেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা দণ্ডের বিষয় থাকলে পুলিশ ভেরিফিকেশনে তা বিবেচনায় আসতে পারে। এ ধরনের বিষয়ে আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ না করতে এসব যাচাই প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বাদ পড়া প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















