আবহাওয়া স্বাভাবিক, ফের শুরু এলএনজি খালাস
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রম। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে কক্সবাজারের মহেশখালী উপকূলে থাকা কার্গো থেকে ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়।
এরপর জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ ধীরে ধীরে বাড়তে থাকে। এতে দেশে গ্যাসের সরবরাহও কিছুটা বেড়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, শিগগিরই গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় ৭৩ কোটি ঘনফুটে দাঁড়ায়। একই সময়ে দেশীয় উৎস থেকে প্রায় ১৬০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। ফলে এলএনজি ও দেশীয় গ্যাস মিলিয়ে মোট সরবরাহ দাঁড়ায় প্রায় ২৩৪ কোটি ঘনফুট।
এর আগে স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গো বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে কার্গো থেকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে গ্যাস খালাস করা সম্ভব হয়নি।
এতে সাময়িকভাবে এলএনজি সরবরাহ কমে প্রায় অর্ধেকে নেমে যায়। ওই সময় একটি ভাসমান টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।
আবহাওয়া পরিস্থিতির উন্নতির পর শুক্রবার সকাল থেকে ফের খালাস শুরু হওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়তে থাকে। ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।























