বিটিভিকে আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনা
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পর ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে নানা আলোচনা হলেও বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বিটিভির মহাপরিচালক।
ফেসবুক পোস্টে কাজী জেসিন বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিভিকে দলীয় ও ফ্যাসিবাদের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং বিশ্বাসযোগ্যতার সংকটে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। এমনকি গণঅভ্যুত্থানের পরও প্রতিষ্ঠানটিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি।
বিটিভির মহাপরিচালক বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, প্রধানমন্ত্রী সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
গণঅভ্যুত্থানের পর ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে ব্যাপক আলোচনা হলেও এর নামে শেষ পর্যন্ত কী হয়েছে, তা দেশবাসী জানেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান মুখে ‘নয়া বন্দোবস্ত’-এর কথা না বলেও নীরবে পরিবর্তনের কাজ করছেন বলে দাবি করেন কাজী জেসিন। তিনি বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরে যাবে না, বরং আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।
বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজটি কঠিন হলেও আনন্দের উল্লেখ করে মহাপরিচালক বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। তবে কাজটি আনন্দের এবং সেই লক্ষ্যেই তাঁরা কাজ শুরু করেছেন।
বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এ উদ্যোগে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।
























