ঢাকা ওয়াসা মডস জোন-৮-এ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সফর
ঢাকা ওয়াসা মডস জোন-৮-এর বারিধারা কম্পাউন্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এক সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ, মাস্টার রোল ও আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন মডস জোন-৮-এর এক্সিকিউটিভ প্রকৌশলী অনুপম কুমার মণ্ডল, রাজস্ব অঞ্চলের সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা ওয়াসা মডস জোন-৮, বারিধারা কম্পাউন্ড সিবিএ-এর সাধারণ সম্পাদক ও সিবিএ নেতা মোহাম্মদ লিটন মিয়া। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য আরজু মিয়াসহ সিবিএ-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সভায় মডস জোন-৮-এর কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও কর্মক্ষেত্রের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বিগত সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বক্তারা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকাভিত্তিক ‘ইজম’ বা বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ব্যক্ত করে সবাইকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভায় তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার আহ্বান জানান।
ঢাকা ওয়াসা মডস জোন-৮-এর সিবিএ কমিটির কার্যক্রম প্রসঙ্গে সংগঠনের সভাপতি বলেন, বর্তমান কমিটি দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে কমিটি স্থগিত করে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
এ সময় মাস্টার রোল ও আউটসোর্সিং কর্মচারীদের বিভিন্ন সমস্যা দ্রুততার সঙ্গে সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এসব কর্মচারীর সমস্যা অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে মডস জোন-৮-এর প্রকৌশলী, মাস্টার রোল কর্মচারী, আউটসোর্সিং কর্মচারী, অফিস সহকারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সিবিএ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।























