ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি
ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় তিন বছর আগে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তামিলনাড়ু রাজ্যে যান। সেখানে বিভিন্ন দোকান ও কৃষিখামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, সাজা শেষে তাদের তামিলনাড়ুর সালেম জেলার একটি বিশেষ শিবিরে রাখা হয়। নাগরিকত্ব যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের নির্দেশনা দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের থানায় নেওয়া হয়। পরে এনজিও সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’ এবং ‘রাইটস যশোর’ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য থানার দায়িত্ব থেকে গ্রহণ করে নিজস্ব শেল্টার হোমে নিয়ে যায়।























