ডিএমপির কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো আশুরার প্রধান তাজিয়া মিছিল
নিজস্ব প্রতিবেদক
পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীতে ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। হাজারো শোকাহত ভক্ত খালি পায়ে বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে মিছিলে অংশ নেন।
তাজিয়া মিছিলটি হোসাইনী দালান থেকে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড অতিক্রম করে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর আড়াইটায় শেষ হয়।
মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ডিএমপি। আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ডিএমপি জানায়, কমিশনারের নির্দেশনায় পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১০ মহররম মুসলিম বিশ্বের কাছে পবিত্র আশুরা হিসেবে অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। দিবসটি উপলক্ষে রাজধানীর হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন ইমামবাড়ায় শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।