সংবাদ শিরোনাম ::
ভোটাররা এবার শুধু ভোট দেবে না, ভোটকেন্দ্রও পাহারা দেবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং সংসদীয় আসনে ভোটাররা এবার শুধু ভোট প্রদানেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে ভোটকেন্দ্র পাহারাও দেবে—এমন মন্তব্য করেছেন ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০০ নং আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজাউদ্দীন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এস এম সুজাউদ্দীন বলেন, ইতোমধ্যে তিনি কয়েকটি উপজেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং তাদের কথা শুনেছেন। তার সংগঠন বর্তমানে অনেক সুসংগঠিত এবং নির্বাচনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণও তাদের প্রতি সমর্থন জানাচ্ছে, যা আসন্ন নির্বাচনে শুধু বিপুল ভোটে বিজয়ই নয়, বরং একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বান্দরবানে এমন অনেক ভোটার আছেন যারা কখনোই ভোটকেন্দ্রে যাননি, অথচ তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এবার জনগণ তা হতে দেবে না। এবার ভোটাররা শুধু ভোট দেবেন না, নিজেদের ভোটকে বিজয়ী করতে ভোটকেন্দ্র পাহারাও দেবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি প্রতিপক্ষ হিসেবে দেখেন না উল্লেখ করে বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সবকিছু তত পরিষ্কার হবে। দুর্গম এলাকায় নিরাপত্তা নিয়ে তিনি কোনো শঙ্কা অনুভব করেন না। তার ভাষায়, “ভালোবাসা থাকলে ভয় থাকে না।” অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। মিট দ্য প্রেস অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক মং সা প্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা, যুগ্ম সদস্য সচিব আ ছা ই ম সায়েম হোসেন, বান্দরবান সদর উপজেলা নির্বাচনী প্রধান অংমেচিং মারমা এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ট্যাগস :














