জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলা সীতাকুণ্ড এলাকা থমথমে
গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা কালে কতিপয় দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চারজন র্যাবের সদস্য গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে অন্যান্য র্যাব সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অপর ০৩ জন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
উক্ত ঘটনায় র্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ইং; ধারা-৩৫৩/৩৩২/২২৪/২২৫/৩৩৩/৩০৭/৩৮৬/৩৬৪/৩৪২/৪২৭/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

এরই ধারাবাহিকতায় গত ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান এবং সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ মামুন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরুপঃ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার ১৬নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭৫৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মিজান (৫৩), পিতা-শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেন, সাং-নরুমপুর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ মামুন চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর অপর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ মামুন (৩৮), পিতা-মৃত বোরহান উদ্দিন, সাং-কালাভানিয়া, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।














