চট্টগ্রামে ভয়ংকর বুইস্যা বাহিনীর প্রধান গ্রেফতার, ৪২ মামলার আসামি: র্যাব-৭
গত ২১ জুলাই ২০২৫ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ ’টেম্পো’ এবং ‘বুইস্যা’ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। দুটি সন্ত্রাসী গ্রুপের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইসমাইল হোসেন প্রকাশ টেম্পো ও শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যা। উক্ত ঘটনায় র্যাব-৭, এবং পুলিশের যৌথ অভিযানে রাত আনুমানিক ২৩০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় দিগন্ত খাজা টাওয়ারে অভিযান পরিচালনা করে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী ও গ্রুপ প্রধান শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা পালিয়ে যায়। গত ০৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে বুইস্যার অন্যতম সহযোগী মুন্না চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ বাদুরতলা এলাকায় একটি গ্যারেজের সামনে চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও সহ তাঁর বেশ কয়েকজন সহযোগীর হাতে থাকা অস্ত্রের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলেচিত হয়। উক্ত গোলাগুলির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
র্যাব-৭, চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত গ্রুপের প্রধান শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ২১৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানাধীন ফিনলে সাঊথ সিটি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা (২৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-দৌলতখান, থানা- দৌলতখান, জেলা- ভোলা’কে উদ্ধার একটি পিস্তল ০৯ রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায় যে, সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা এর নিজ বাড়ী ভোলা জেলায়। সে বর্তমানে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানধীন পশ্চিম ষোলশহর এলাকা বসবাস করে। চট্টগ্রাম মহারগরী চান্দগাঁও এলাকায় বুইস্যা এবং টেম্পু গ্রুপের সদস্যরা অধিকাংশ সময় আধিপত্য নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত তাকে এবং কথায় কথায় গুলি ছোড়ে তারা। এই দুটি গ্রুপের প্রধান হলে সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইস্যা ও ইসমাইল হোসেন টেম্পু। চান্দগাঁও, পাঁচলাইশ এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম এই গ্রুপের সদস্যরা। গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোল শহর এলাকা হতে যৌথ বাহিনী কর্তৃক ইসমাইল হোসেন টেম্পু গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে জেল হাজতে রয়েছে।
গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দ্বারা অধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে আসছে। তার চাঁদাবাজিতে কেউ বাধা প্রদান করলে সে তার নিজস্ব গ্রুপের সন্ত্রাস দ্বার জোর পূর্বক অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় নিজস্ব আস্তানায় ‘টর্চার সেল’ নিয়ে নির্যাতন করে এবং সেখানে তার একটি গোপন নেটওয়ার্ক রয়েছে যার মাধ্যমে সে আগেই আইন শৃংঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায়।
সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্তে ৪২টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।















