প্রশ্ন ফাঁসের পর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা আবারও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজে তদারকি করবেন।
আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ছয়জনকে ইতিমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত হওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়ায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করা হয়েছে।
তিনি বলেন, এ কার্যক্রম নিশ্চিত করতে সচিবালয়ে রাত জেগে নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন, যাতে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকে।

























