আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন
আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।
অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভক্তদের কাছে ভগবানের আসনে অধিষ্ঠিত।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।
রাজধানীতে নানা আয়োজন
জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির, মঠ ও পূজামণ্ডপে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব আজ শুরু হচ্ছে। প্রথম দিন শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।
গীতাযজ্ঞ পরিচালনা করবে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন। ঢাকেশ্বরী মন্দিরসংলগ্ন পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শোভাযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
উৎসবের দ্বিতীয় ও শেষ দিন শনিবার বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব।
ইসকনসহ বিভিন্ন মন্দিরে উৎসব
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা এবং দরিদ্র ও দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ।
এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, মিরপুর কেন্দ্রীয় মন্দির, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ, ঠাঁটারীবাজার শিবমন্দির, রাধামাধব জিও দেব বিগ্রহ মন্দির, রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, শিবমন্দির, রামসীতা মন্দির ও মাধব গৌড়ীয় মঠসহ বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও ধর্মীয় সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।
বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)সহ বিভিন্ন সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।


























