খিলক্ষেতে লেকসিটির ফ্ল্যাট থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত লেকসিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুখ কবির বাদল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
শনিবার (২ মে) বিকেলে খবর পেয়ে পুলিশ খিলক্ষেত লেকসিটি সুরভী ভবনের ওই ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস।
এসআই জীবন চন্দ্র দাস জানান, শনিবার বিকেলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। তারা ফারুখ কবির বাদলকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, ফারুখ কবির বাদল ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রে থাকেন। বাদল নিজেও আগে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দুই বছর আগে দেশে ফিরে তিনি খিলক্ষেতের এই ফ্ল্যাটটি কিনে বসবাস শুরু করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই জীবন চন্দ্র দাস বলেন, ‘কী কারণে এবং কেন তাঁর মৃত্যু হয়েছে, এই ব্যাপারে প্রাথমিক অবস্থায় কেউ কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
























